মাগফিরাত দশকের ক্ষমা কি আমরা পেয়েছি? || AndNewsBD

শেষ হয়ে গেলো ১৭টি রোজা। 

মাগফিরাত দশকের ক্ষমা কি আমরা পেয়েছি  AndNewsBD

আজ চলছে আঠারোতম রমজান। পবিত্র মাহে রমজানের মাগফিরাত দশকের আর মাত্র দুই দিন বাকি। এখন আমাদের হিসাব মিলানো দরকার যে পবিত্র রমজান মাসে মাগফিরাতের দিন গুলোতে আমরা কি অর্জন করলাম। আসলেই কি আমরা মাগফিরাত বা ক্ষমা প্রাপ্ত হয়েছি? হাজারো পাপে ভরা আমলনামা কি নেকীর দ্বারা পরিবর্তীত হয়েছে? যদি না হয়, তাহলে তো আমাদের মত হতভাগা কেউ নেই।

কারণ আল্লাহর রাসূল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি এই মাসে মাগফিরাত লাভ করতে পারল না সেই প্রকৃত হতভাগা। মহিমান্বিত এই মাস যে বার্তা আমাদের কাছে নিয়ে এসেছিল তার কতটুকু আমাদের জিন্দেগীতে প্রতিফলিত হলো। ভাল ছাত্র মাত্রই পরীক্ষার আগ মুহূর্তে হিসাব-নিকাশ করে আর নিজের মনকে জিজ্ঞাসা করে, প্রস্তুতি সব ঠিক ঠাক তো? কতটুকু পড়লাম আর কতটুকু বাকি? ব্যবসায়ী বা দোকানদার দিনের শেষে অংক কষতে বসে, কতটুকু লাভ হল আর কি পরিমাণ লোকসান হল? যদি লোকসান হয় কিংবা লাভ কম হয় তাহলে পরিকল্পনা করে, কিভাবে আগামীতে আরও বেশী বেশী লাভ করা যায়।

রমজানও এসেছে আখেরাতের এক মহান ব্যবসা নিয়ে। লাভের পরিমাণও ঘোষণা করা হয়েছে ন্যূনতম সত্তর গুণ, উর্ধ্বে অগণিত, মহান আল্লাহর শান অনুযায়ী। বরকত, মাগফিরাত ও নাজাতের পসরা নিয়ে পবিত্র এই মাস মেহমান হয়ে এসেছে আমাদের আঙ্গিনায়। আমরা কি তার ঠিকমত সমাদর করতে পেরেছি? রোজার সমস্ত আহকাম কি আমরা ঠিকমত আদায় করতে পেরেছি এবং দয়ালু মাওলার সাধারণ ক্ষমার আওতায় নিজেকে আনার মত যোগ্য বানিয়েছি? মাগফিরাতের দশক একেবারে শেষের পথে।

আর দেরী না করে এখনই এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজা উচিত। যদি উত্তর হ্যাঁ বাচক হয় তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করি, আর যদি না বাচক হয় তাহলে মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাই। কবির ভাষায় বলতে হয়, “শোন মুুমিন-মুসলমান/কেঁদে কেঁদে বল- ভুল করেছি মাফ করে দাও/ ফেলিস চোখের জল”।

নিজ পাপের জন্য অনুশোচনা করি এবং ভবিষ্যতে পাপ না করার ওয়াদা করি। কারণ আল্লাহ তায়ালা তো গফুরুর রহীম, তিনি সমস্ত গোনাহ মাফ করে দিতে পারেন, এতে কারো অভিযোগ উঠানোর এখতিয়ার নেই। মহান আল্লাহপাক নিজেই পবিত্র কুরআনে এরশাদ করেন, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গোনাহ ক্ষমা করে দেবেন (সুরা যুমার: আয়াত ৫৩)। তাই আসুন আর দেরী না করে বাকি দিনগুলোতে মহান আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি যাতে তিনি আমাদের সমুদয় গোনাহরাশি মাফ করে দেন। 

No comments

Powered by Blogger.