তিন মুরগী ব্যবসায়ীসহ চারজনকে ২৫ হাজার টাকা জরিমানা || AndNewsBD
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে
বৃহস্পতিবার সকালে নগরীর কয়েকটি বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। পবিত্র মাহে রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধকল্পে গঠিত কমিটির নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান কালে পণ্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার আইনের ৩৮ ধারায় নগরীর দৌলতপুর বাজারের মুরগী ব্যবসায়ী আকররাম হোসেনকে ১০ হাজার টাকা এবং একই অপরাধে মুরগী ব্যবসায়ী সজিব রহমান ও এমদাদুল ইসলামকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া ফুলবাড়িগেট বাজারের ব্যবসায়ী মনিরুল ইসলামকে একই ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে বিভিন্ন বাজারে পণ্যমূল্য তালিকা প্রদর্শন, খাদ্য দ্রব্য সংরক্ষণের স্থান ও বাজার দর পর্যবেক্ষণ করা হয়।
কেসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মাসুম বিল্লাহ-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে বাজার সুপার মোঃ সেলিমুর রহমানসহ স্যানিটারী ইন্সপেক্টরগণ অংশগ্রহণ করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি টীম অভিযানে সার্বিক সহযোগিতা করে।
পবিত্র মাহে রমজানে বাজার মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল প্রতিরোধকল্পে কেসিসি’র এ অভিযান অব্যাহত থাকবে।

No comments