একটা দৃশ্যের জন্য কোটি কোটি রুপি || AndNewsBD

অপেক্ষার প্রহর গুনছেন প্রভাসের অনুরাগীরা।

একটা দৃশ্যের জন্য কোটি কোটি রুপি || AndNewsBD

‘বাহুবলী’ ছবির অসামান্য সাফল্যের পর রাতারাতি তারকা হয়ে ওঠেন দক্ষিণী নায়ক প্রভাস। এই ছবি মুক্তির পর প্রভাসের অনুরাগীর সংখ্যা আকাশছোঁয়া। এমনকি বলিউড নায়িকারাও এই দক্ষিণী নায়কের পেশিবহুল শরীরে মজেছেন। বড় পর্দায় আবার ঝড় তুলতে আসছেন তিনি ‘সাহো’ ছবি নিয়ে। এই ছবিতে তাঁকে রোমহর্ষক অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। আর ‘সাহো’ ছবির জন্য মুড়িমুড়কির মতো অর্থ ওড়াচ্ছেন নির্মাতারা। ছবির একটা অ্যাকশন দৃশ্যের জন্য কোটি কোটি রুপি খরচ করেছেন।
প্রভাসের হাতে ভারী তলোয়ার নয়, ‘সাহো’ ছবিতে তাঁর হাতে দেখা যাবে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। ঘোড়া বা হাতির পিঠে নয়, এ ছবিতে মোটরবাইকে চড়ে গায়ে কাঁটা দেওয়া নানা অ্যাকশন দৃশ্য করতে দেখা যাবে এই নায়ককে। ‘সাহো’র নির্মাতা জলের মতো অর্থ খরচ করছেন ছবিটি নির্মাণের পেছনে। জানা গেছে, তাঁরা প্রভাসের এই ছবিকে এ বছরের সবচেয়ে বড় অ্যাকশন-বিনোদন ছবি বানাতে কোথাও এতটুকু কার্পণ্য করছেন না।

সংশ্লিষ্ট একটি সূত্র থেকে সংবাদমাধ্যম জানতে পেরেছে, আট মিনিটের একটা অ্যাকশন দৃশ্যের জন্য ৭০ কোটি রুপি খরচ করা হয়েছে। দর্শক এখানে আসল গাড়ি হাওয়ায় উড়তে দেখবে। ‘সাহো’ ছবির অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন হলিউডের অ্যাকশন নির্দেশক কেনি বেটস। ছবির টিজার দেখে অনেকের বক্তব্য, ‘সাহো’ ছবিটি সিনেমাটোগ্রাফির দিক থেকে ভারতীয় ছবির দুনিয়ায় ইতিহাস তৈরি করতে পারে।
১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিন ‘সাহো’ মুক্তি পাবে। ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাবে বলিউড তারকা শ্রদ্ধা কাপুরকে। পরিচালক সুজিত। পরিচালিত ছবিটি হিন্দি, তামিল আর তেলেগু ভাষায় মুক্তি পাবে। এদিকে ‘সাহো’ ছবিকে টক্কর দিতে আসছে ‘বাটলা হাউস’ ও ‘মিশন মঙ্গল’ ছবি দুটি।

No comments

Powered by Blogger.